ঢাকা

সংরক্ষিত নারী এমপিদের বেতন-ভাতা ও সুবিধা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বাছাই। আসন বণ্টন অনুযায়ী বিএনপি পাচ্ছে ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে—সংরক্ষিত নারী আসনের এমপিরা কি সরাসরি নির্বাচিত এমপিদের মতোই বেতন-ভাতা ও সুবিধা পান?

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা অন্যান্য এমপিদের মতোই সমান মর্যাদা, বেতন ও সুযোগ-সুবিধা ভোগ করেন। এ সংক্রান্ত বিধান নির্ধারিত রয়েছে ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’-এ, যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধিত হয়।

আইন অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রতি মাসে ৫৫ হাজার টাকা মূল বেতন পান। পাশাপাশি রাজধানীর ন্যাম ভবনে ফ্ল্যাট, পরিবহন সুবিধা, উন্নত চিকিৎসা ও বিমা সুবিধা প্রদান করা হয়।

দৈনন্দিন খরচের অংশ হিসেবে মাসিক ১,৫০০ টাকা লন্ড্রি ভাতা এবং ৬,০০০ টাকা অন্যান্য প্রয়োজনীয় খাতে ভাতা দেওয়া হয়। এছাড়া নির্ধারিত শর্তে শুল্ক ও করমুক্তভাবে একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে, যা পাঁচ বছর পর পুনরায় নেওয়া যায়। তবে বর্তমান সংসদের সদস্যরা শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভ্রমণ সুবিধার ক্ষেত্রে এমপিরা রেল, বিমান বা নৌপথে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড়গুণ ভাতা পান। সড়কপথে কিলোমিটারভিত্তিক ভাতাও নির্ধারিত আছে। এছাড়া বছরে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা বা সমমূল্যের ট্রাভেল পাস দেওয়া হয়।

সংসদ অধিবেশন বা কমিটির সভায় অংশগ্রহণের জন্য দৈনিক ৮০০ টাকা ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়। দায়িত্ব পালনের সময় অবস্থান ভাতা হিসেবে ৭৫০ টাকা এবং যাতায়াত বাবদ ৭৫ টাকা প্রদান করা হয়।

চিকিৎসা সুবিধার ক্ষেত্রে এমপি ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের সুবিধা পান। এর পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতাও রয়েছে।

এছাড়া সংসদ সদস্যদের জন্য ১০ লাখ টাকার বিমা সুবিধা রয়েছে, যা দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে কার্যকর হয়। প্রতি বছর সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগও রয়েছে।

যোগাযোগ সুবিধার অংশ হিসেবে সরকারি খরচে টেলিফোন সংযোগ এবং মাসিক ৭,৮০০ টাকা পর্যন্ত কল ও ভাড়া বাবদ ভাতা দেওয়া হয়।

উল্লেখ্য, সংসদ সদস্যদের প্রদত্ত এসব ভাতা আয়করমুক্ত। অতীতে অনেক এমপি রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি প্লটও পেয়েছেন।



কমেন্ট বক্স