প্রত্যাশিত বাংলাদেশ গঠনে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সংস্থাটির অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময়ই দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে কাজ করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ২০২৪ সালের এই আন্দোলন আবারও স্পষ্ট করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছে। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করছে।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে অবশ্যই আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক