ঢাকা

সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অগ্রণী ভূমিকা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সার্ককে আরও সক্রিয় ও কার্যকর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত দারিদ্র্য বিমোচনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। সেখানে আঞ্চলিক সহযোগিতা জোরদার করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই বৈঠক ছিল ‘সার্ক ইন্টার-গভর্নমেন্টাল এক্সপার্ট গ্রুপ’-এর দ্বিতীয় সভা। এতে ‘সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৫’ চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এবং মালদ্বীপ সরকারের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা দক্ষিণ এশিয়ার প্রায় ২০০ কোটি মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় সার্ককে আরও কার্যকর এবং বাস্তবভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তরের প্রয়োজনীয়তাও উঠে আসে আলোচনায়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন। দলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম।

বৈঠকে সদস্য দেশগুলো নিজেদের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরে। আলোচনায় দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

অংশগ্রহণকারী প্রতিনিধিরা একমত হন, সার্ককে নতুন করে গতিশীল না করা গেলে আঞ্চলিক উন্নয়ন লক্ষ্য অর্জন কঠিন হবে। তারা পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

মালদ্বীপের অর্থ ও সরকারি উদ্যোগবিষয়ক উপমন্ত্রী আলী রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সার্ক সচিবালয়ও প্রশাসনিক সহায়তা প্রদান করে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে স্থবির থাকা সার্ককে পুনরায় সক্রিয় করার এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।




কমেন্ট বক্স