ঢাকা

পরিদর্শনে গিয়ে মিড ডে মিলে দুর্গন্ধ পেলেন প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

নরসিংদীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।


পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের মিড ডে মিলের মান, রান্নার পরিবেশ এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের অবস্থা ঘুরে দেখেন। এ সময় খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করেন। খাবারের মান উন্নত না হলে কার্যাদেশ বাতিলেরও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।


এছাড়া শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা বনরুটির গন্ধ সন্দেহজনক মনে হলে সেখান থেকে দুটি নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।


পরিদর্শন শেষে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, বিদ্যালয়গুলোতে সরবরাহ করা মিড ডে মিলের খাবারে কিছু ত্রুটি পাওয়া গেছে। শিশুদের খাবারের মান নিশ্চিত করতে সারাদেশে নিয়মিত মনিটরিং চলছে বলে জানান তিনি। একই সঙ্গে বলেন, শিশুদের জন্য নির্ধারিত খাবারের মান নিয়ে যে অভিযোগ পাওয়া যাচ্ছে, তা তিনি নিজে পর্যবেক্ষণ করছেন।


তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে এবং প্রয়োজন হলে পুরো ব্যবস্থাপনা কাঠামোতে পরিবর্তন আনা হবে। খাবার সংরক্ষণ ও মান বজায় রাখতে নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।


শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কাজ চলছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।


পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




কমেন্ট বক্স