আনুষ্ঠানিকভাবে শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার পরদিনই বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে।
শনিবার রাতে ইসহাক সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন রাতেই ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসএম শাহরিয়ারকে, যিনি এর আগের কমিটিতেও একই পদে ছিলেন।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার কর্মীদের নিয়ে মিছিল করে এনসিপিতে যোগ দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন।
এ ছাড়া একই অনুষ্ঠানে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আওয়ামী লীগ সরকারের সময় রেল খাতে অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ আরও কয়েকজন এনসিপিতে যোগ দেন।
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
নিউজ ডেস্ক