ঢাকা

বিচার ব্যবস্থাকে মানবিক করার আহ্বান প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায্য বিচার থেকে বঞ্চিত না হন—এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের আশ্রয় পাওয়া সবার মৌলিক অধিকার।

মঙ্গলবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ন্যায়বিচারকে কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং একটি মানবিক মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে দাপ্তরিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোয় দুঃখ প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিচার বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়েছে। সেই সময় তিনি দেখেছেন, অনেক অসচ্ছল মানুষ কেবল আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকায় বছরের পর বছর বিচারহীন অবস্থায় কারাগারে রয়েছেন। তিনি বলেন, “ন্যায়বিচার যদি কেবল বিত্তবানদের জন্য সীমাবদ্ধ থাকে, তবে সেই রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক বলা যায় না।”

বিচার ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘লিগ্যাল এইড ফান্ড’ চালু করেন। বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও শক্তিশালী করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছে।
মামলার জট কমাতে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিলম্বিত হওয়া মানেই বিচার থেকে বঞ্চিত হওয়া। তাই আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে।
এছাড়া সাধারণ মানুষের আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি লিগ্যাল এইড হেল্পলাইন আরও কার্যকর করার নির্দেশনা দেন তিনি। তিনি মনে করেন, সংকটের সময়ে রাষ্ট্র নাগরিকের পাশে দাঁড়ালে জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়।

শেষে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ এখন নতুনভাবে গণতন্ত্রের পথে এগোচ্ছে। তিনি বৈষম্যহীন সমাজ গঠনে বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।



কমেন্ট বক্স