ঢাকা

ইরানের হামলার জবাব নিয়ে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইরানের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া নির্ধারণে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (গালফ কোঅপারেশন কাউন্সিল)-ভুক্ত ছয়টি দেশ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। প্রায় দুই মাস পর এই প্রথম সরাসরি বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার জেদ্দা শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপসাগরীয় দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান উপসাগরীয় অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে জিসিসিভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল এসব দেশে থাকা যুক্তরাষ্ট্র-এর সামরিক ঘাঁটিও। ফলে পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পরবর্তীতে ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে হামলা বন্ধ হয়। তবে পুনরায় সংঘাত শুরু হওয়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে কাতার-এর আমির, কুয়েত-এর ক্রাউন প্রিন্স, বাহরাইন-এর রাজা এবং সংযুক্ত আরব আমিরাত-এর পররাষ্ট্রমন্ত্রী জেদ্দায় পৌঁছেছেন।

তবে ওমান এবং আয়োজক সৌদি আরব-এর প্রতিনিধিত্ব কারা করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যৎ নিরাপত্তা কৌশল নির্ধারণে প্রভাব ফেলতে পারে।



কমেন্ট বক্স