জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ দাবি করেছেন। তিনি বলেন, উপদেষ্টা থাকাকালে কোথায় দুর্নীতি করেছেন, তা সরকারি দলকে স্পষ্টভাবে প্রমাণ করতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্যের পর ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে, অথচ তখন তিনি নিজেও কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি প্রশ্ন তুলে বলেন, তার নামে কী অভিযোগ রয়েছে এবং কোথায় দুর্নীতি করেছেন—তা সংসদে প্রমাণসহ উপস্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগেই তিনি উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে যারা সরকারে আছেন, অভিযোগের দায় তাদেরই প্রমাণ করতে হবে।
বক্তব্যে নিজের বয়স ও জন্মদিনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, তিনি ২৮ বছর বয়সী একজন নবীন সংসদ সদস্য হলেও জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “আমি কারও পরিচয়ে নয়, নিজের যোগ্যতায় এখানে এসেছি। তাই অন্য সদস্যদের মতোই সম্মান প্রত্যাশা করি।”
এ সময় স্পিকার জানান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি, বরং সাধারণভাবে তরুণ সদস্যদের প্রসঙ্গ তুলেছেন। একই সঙ্গে ট্রেজারি বেঞ্চ থেকে টেবিল চাপড়িয়ে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের কাছ থেকে এ ধরনের দুর্নীতির অভিযোগ প্রত্যাশিত নয়।
জবাবে নাহিদ ইসলাম পুনরায় বলেন, অভিযোগ যেহেতু তোলা হয়েছে, সেহেতু তার প্রমাণ দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারেরই।