ঢাকা

৪ মে পর্যন্ত থাকবে বৃষ্টি, বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
আগামী ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণী বায়ু এবং দেশে ক্রমাগত বজ্রমেঘ তৈরি হওয়াই এর মূল কারণ।

সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বলেছেন, ‘পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার কারণে দেশে বজ্রমেঘ তৈরি হচ্ছে, ফলে এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।’

তিনি আরও বলেন, আগামী ৪ মে পর্যন্ত দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। প্রাক-বর্ষা মৌসুম কিছুটা সরে আসায় এ বছর এপ্রিলের শেষের দিকে দেশে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর ভোলায় ১৫১ মি.মি, ফেনীতে ১৪৮ মি.মি, ময়মনসিংহে ১১৫ মি.মি, খেপুপাড়ায় ১১৪ মি.মি, কুমিল্লা ও সীতাকু-ে ১০৩ মি.মি এবং নেত্রকোনায় ৮৯ মিমি বৃষ্টিপাত হয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের সকালের বুলেটিনে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।



কমেন্ট বক্স