ঢাকা

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কল-কারখানায় আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

সোমবার (৪ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে অনুমোদন প্রক্রিয়ার জটিলতা কমাতে হবে। অপ্রয়োজনীয় ধাপ বাদ দিয়ে প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করার ওপর জোর দেন তিনি।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা ও একাধিক দপ্তরের অনুমতির প্রয়োজন বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। এ পরিস্থিতি কাটাতে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বন্ধ সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স