পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন উত্তরবঙ্গের কোচবিহার জেলায় উত্তেজনা চরমে পৌঁছেছে। জেলার দিনহাটায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে শুরু হওয়া এই উত্তেজনা দ্রুতই ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট গণনার প্রবণতা প্রকাশের পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অজয় রায় এবং তৃণমূল প্রার্থী উদয়ন গুহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গণনা হওয়া ভোটে অজয় রায় ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এই ফলাফলের প্রবণতাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজ ডেস্ক