রাঙামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের পৌরসভা এলাকা থেকে বনরূপা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
জানা যায়, কেন্দ্রীয় কমিটি ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে দুপুর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন। অন্যদিকে, নবগঠিত কমিটির সমর্থকেরা পৌরসভা এলাকায় আনন্দ মিছিল বের করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে জানা গেছে। এক পর্যায়ে নবনির্বাচিত কমিটির সমর্থকেরা পদবঞ্চিতদের সরিয়ে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
এর আগে ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
নিউজ ডেস্ক