ঢাকা

কুরিয়ার গোডাউনে ৫৬ লাখ টাকার অবৈধ সিরাপ-জর্দা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে শহরের জানিয়ার বাগান এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে এ অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে গভীর রাতে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান এবং র‍্যাবের একটি টহল দল অংশ নেয়।

তল্লাশির সময় গোডাউন থেকে ৫১টি কার্টনে রাখা ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫টি বস্তায় থাকা ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ পদ্দাপুর জর্দা উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, সিরাপের মূল্য প্রায় ৫৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা এবং জর্দার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা—মোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ পণ্য পরিবহনের বিষয়ে জানতে চাইলে করতোয়া কুরিয়ার সার্ভিসের জয়পুরহাট শাখার ম্যানেজার জিন্নাত রেহেনা বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পার্সেলের ভেতরের পণ্য নিয়মিত যাচাই করা হয় না। প্রেরক-প্রাপকের তথ্য জানতে চাওয়া হলে তা দিতে অপারগতা জানিয়ে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত পণ্য সিজার স্টোরে সংরক্ষণ এবং পরবর্তীতে ধ্বংস করা হবে।





কমেন্ট বক্স