পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ইতিহাসে আজকে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ পাওয়া ফলাফলে ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৪টিতে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮৩টি আসনে এগিয়ে আছে, ফলে বড় ধরনের পিছিয়ে পড়ার ইঙ্গিত মিলছে দলটির জন্য।
এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন।
ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এবার রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
এদিকে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বিজয় উদযাপন শুরু হয়েছে। দলটি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রার্থীদের তালিকায় কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সদস্য স্বপন দাশগুপ্ত।
নিউজ ডেস্ক