ঢাকা

ই-কমার্সকে বৈশ্বিক বাজারে যুক্ত করতে টাস্কফোর্স গঠন করছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলাদেশের ই-কমার্স খাতকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সাত দিনের মধ্যেই এ টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রায়হান আসিফ আসাদ।

বুধবার রাজধানীর আইসিটি ভবনে আয়োজিত “ক্রস-বর্ডার ই-কমার্স: অপারচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আইসিটি উপদেষ্টা বলেন, তৈরি পোশাক শিল্পের পর ক্রস-বর্ডার ই-কমার্স বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে গড়ে উঠতে পারে। তবে এজন্য আন্তর্জাতিক মানের লজিস্টিক ব্যবস্থা, দ্রুত কাস্টমস প্রক্রিয়া এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশ সহজ করতে সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের আগামী ১০ দিনের মধ্যে খাতটির প্রধান সমস্যা ও করণীয় বিষয়ে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

রায়হান আসিফ আসাদ জানান, সরকার ই-কমার্স খাতকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে ডাক বিভাগের সঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর কার্যকর সমন্বয় জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ভবিষ্যতে ‘সিঙ্গেল পেমেন্ট আইডি’ ও বাংলা কিউআর কোডভিত্তিক সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর বিষয়েও কাজ চলছে।

সেমিনারে সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশ নেন। তারা আন্তর্জাতিক লজিস্টিক ব্যয়, সীমিত পেমেন্ট গেটওয়ে, কাস্টমস জটিলতা এবং রিটার্ন ব্যবস্থার দুর্বলতাসহ নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।

আলোচনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাবও গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশের ই-কমার্স খাত বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।



কমেন্ট বক্স