ঢাকা

১৩২ টাকা বৃদ্ধির পর জেট ফুয়েলের দাম কমল প্রায় ২২ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২১ টাকা ৬৩ পয়সা কমিয়েছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে। নতুন মূল্য বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হবে ২০৫ টাকা ৪৫ পয়সায়। এর আগে এ দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা। অর্থাৎ এক ধাপে প্রতি লিটারে কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে দুই দফায় জেট ফুয়েলের দাম মোট ১০৭ টাকা বাড়ানো হয়। পরে এপ্রিল মাসে আরও ২৪ টাকা ৭৯ পয়সা বৃদ্ধি পায়। সব মিলিয়ে কয়েক মাসে প্রতি লিটারে প্রায় ১৩২ টাকা পর্যন্ত দাম বেড়েছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখালে তেলসমৃদ্ধ অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে জ্বালানি স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে। তবে সাম্প্রতিক শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম কিছুটা কমেছে।

বিইআরসি জানায়, গত বছরের মে মাস থেকে প্রতি মাসেই জেট ফুয়েলের দাম সমন্বয় করা হচ্ছে। আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করলেও পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস তেল ও জেট এ-১ এর মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসিকে দেওয়া হয়। এরপর ২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি আয়োজন করে কমিশন।




কমেন্ট বক্স