ঢাকা

২৩ দিন পর ফের সচল ইস্টার্ন রিফাইনারি, শুরু জ্বালানি উৎপাদন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

টানা ২৩ দিন উৎপাদন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। অপরিশোধিত তেলের সংকট কাটিয়ে শুক্রবার (৮ মে) ভোর থেকে পুরোদমে জ্বালানি উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ইআরএল সূত্র জানায়, সৌদি আরব থেকে আমদানি করা ক্রুড অয়েল ব্যবহার করে সকাল ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়। এর আগে ভোর ৫টা থেকেই ফায়ার্ড হিটারে তেল প্রসেসিং চালু করা হয়। পরে উৎপাদিত পেট্রোল, অকটেন ও ডিজেল বিভিন্ন সংরক্ষণাগারে পাঠানো শুরু হয়।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় গত ১৪ এপ্রিল কাঁচামালের অভাবে শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে আসা চীনা জাহাজ ‘এমটি নাইমনিয়া’ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
মেঘনা পেট্রোলিয়ামের সাবেক মহাব্যবস্থাপক আকতার কামাল জানান, দ্রুত পরিশোধন শেষে উৎপাদিত জ্বালানি দেশের প্রধান তেল বিপণন কোম্পানিগুলোর কাছে সরবরাহ করা হবে। পাশাপাশি জেটিতে অবস্থান করা লাইটারেজ জাহাজ থেকেও তেল খালাস অব্যাহত রয়েছে।

ইস্টার্ন রিফাইনারির দুটি ইউনিটে প্রতিদিন প্রায় ৪ হাজার মেট্রিক টন জ্বালানি উৎপাদনের সক্ষমতা রয়েছে। বর্তমানে আমদানি করা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে ডিজেল, ফার্নেস অয়েল, পেট্রোল, কেরোসিন ও অকটেনসহ বিভিন্ন জ্বালানি উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, এই মজুত দিয়ে প্রায় ২৫ দিন উৎপাদন চালানো সম্ভব হলেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন চালান আনা জরুরি। এদিকে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।



কমেন্ট বক্স