ঢাকা

শিক্ষায় চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা তৈরিতে শিক্ষা ও জ্ঞানভিত্তিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় যুদ্ধ, অস্থিরতা ও অবিশ্বাস বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশ ও চীনের মতো বন্ধুপ্রতীম দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূয়সী প্রশংসা করে বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখছেন।

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা ও প্রযুক্তি খাতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে চীনের শিক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশের জন্য কার্যকর উদাহরণ হতে পারে।

তিনি জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই করেছে। এসব চুক্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং মানবসম্পদ উন্নয়নকে দেশের ভবিষ্যৎ অগ্রগতির মূল ভিত্তি হিসেবে বিবেচনা করছে।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।



কমেন্ট বক্স