দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো প্রকল্প জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন শেষে এনসিটি টার্মিনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য বৈশ্বিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড একটি প্রস্তাব দিয়েছে। সরকার বর্তমানে সেই প্রস্তাব যাচাই-বাছাই করছে। দেশের স্বার্থ এবং বন্দরের শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, এনসিটি একটি পূর্ণাঙ্গ ও সচল টার্মিনাল। সময়ের সঙ্গে এর সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেই সক্ষমতা দেশীয়ভাবে বাড়ানো সম্ভব হবে কি না, নাকি বিদেশি অপারেটরের মাধ্যমে করা হবে, তা নিয়েও আলোচনা চলছে। তবে যেকোনো সিদ্ধান্তে জাতীয় স্বার্থ ও শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, অতীতে এ টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের ঘটনা ঘটেছে। তাই এবার সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবটি জিটুজি পদ্ধতিতে এসেছে। তবে প্রয়োজনে উন্মুক্ত দরপত্রসহ সব ধরনের বিকল্প পদ্ধতিও বিবেচনায় রাখা হচ্ছে। যদি দেখা যায় প্রস্তাবটি দেশের স্বার্থ রক্ষা করছে না, তাহলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে।
নৌপরিবহণ মন্ত্রী অভিযোগ করে বলেন, অতীতে বন্দরকে কেন্দ্র করে অনিয়ম, অপচয় ও দুর্নীতির ঘটনা ঘটেছে। রাজনৈতিক প্রভাবশালী একটি চক্র বন্দর নিয়ন্ত্রণ করেছে বলেও অভিযোগ রয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এনসিটি নিয়ে সিদ্ধান্ত খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে এবং এ বিষয়ে আর কালক্ষেপণ করা হবে না।