নাটোরের গুরুদাসপুরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে করা মামলায় রাকিবুর রহমান রাজা নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর নাজিরপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলাধুনা বাজারের ইজারা নেওয়া নিয়ে রাজা ও তপু নামে দুই ব্যক্তি দরপত্রে অংশ নেন। বেশি মূল্যে শিডিউল জমা দিয়ে হাটটির ইজারা পান তপু। এতে ক্ষুব্ধ হয়ে রাজা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী ওবায়দুর রহমান তপু-কে গালাগাল ও হুমকি দেন রাকিবুর রহমান রাজা। একপর্যায়ে তাকে তুলাধুনা হাট এলাকায় যেতে নিষেধ করা হয় এবং সেখানে গেলে মারধর করে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ভুক্তভোগী তপু জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। মামলায় রাকিবুর রহমান রাজাসহ তিনজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে রাজা বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং তিনি ৫ লাখ টাকা চেয়েছিলেন, তবে তা চাঁদা নয়, পাওনা টাকা।
এদিকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদল রাকিবুর রহমান রাজাকে সংগঠনের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে।
গুরুদাসপুর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার পর দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক