পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ (সাইলেন্ট এক্সপেল) পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে নীতিমালা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার সচিবালয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় বিষয়টি উত্থাপিত হলে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, পরীক্ষাসংক্রান্ত কোনো বিধিতে অস্বচ্ছ বা ‘আনডিউ’ কিছু থাকা উচিত নয়।
তিনি উল্লেখ করেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে ‘নীরব বহিষ্কার’ নামে কোনো বিধান নেই। বরং ১৯৬১ সালের বোর্ড নীতিমালায় এটি যুক্ত করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলার সুযোগ না থাকায় এই নিয়ম আর প্রাসঙ্গিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সভায় শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি এবং অনলাইনে অংশ নেন। দ্রুত এ নীতিমালা সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক