নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের দিঘইর কুমিল্লাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুর রহিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোহাম্মদ শাহ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত মিশুক (অটোভ্যান) শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলেও তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
দুর্ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করেছে।
এদিকে, ঘটনাটি ঘিরে জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আজম এলাকায় নিয়মিত অবস্থান না করায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও তদারকিতে ঘাটতি রয়েছে। জানা যায়, তিনি একই সঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের নিবন্ধিত কাজী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নরসিংদীর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
স্থানীয়দের দাবি, স্কুলের সামনে শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিউজ ডেস্ক