ঢাকা

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন জাগরণ ও নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
‎শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে কোদাল দিয়ে মাটি কেটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উত্তর জয়পুরের কাইচ্চা বাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী।
‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন করা হয়নি। এর ফলে খালের দুই পাড় এবং খালের মধ্যেও অনেকে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গেছে। কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, আবার কোথাও দোকানপাট গড়ে উঠেছে। শিল্প-কলকারখানার বর্জ্য এমনভাবে জমেছে যে অনেক খাল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। খাল খননের মাধ্যমে আমরা এগুলো উদ্ধার করব।
‎পানিসম্পদ মন্ত্রী বলেন, মানুষ অত্যন্ত সচেতন। তারা কষ্ট করে শ্রম দিয়ে কৃষিকাজ করেন। কৃষির বাইরে আমাদের বেঁচে থাকার তেমন কোনো অবলম্বন নেই। নারিকেল, সুপারি, শাকসবজি ও মাছ উৎপাদন বৃদ্ধির জন্য পানির বিকল্প নেই। তাই পানি সংরক্ষণ করতে হবে। খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করতে পারব, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে।
‎এ্যানি চৌধুরী বলেন, রহমতখালী, ওয়াপদাখাল ও ভুলুয়া নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর সঙ্গে সংযুক্ত ছোট ছোট খালগুলোকেও খননের আওতায় আনা হয়েছে। শুধু দুই-চারটি খাল খনন করলেই চলবে না। জলাবদ্ধতা দূরীকরণ, নিরাপদ বসবাস নিশ্চিতকরণ এবং বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এই কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
‎তিনি আরও বলেন, স্কুল, কলেজ, মন্দির ও মাদ্রাসার প্রতিও আমাদের নজর রয়েছে। শিক্ষার মান উন্নত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান কমে গেছে, অথচ প্রাথমিক স্তরই শিক্ষার ভিত্তি। সেখানে যদি সঠিকভাবে পাঠদান না হয়, স্কুলের অবস্থা জরাজীর্ণ থাকে বা শিক্ষক সংকট থাকে, তাহলে ভিত্তি দুর্বল হয়ে পড়বে। এই ভিত্তিকে শক্তিশালী করতে হবে, যাতে পরিবারের সন্তানরা সঠিকভাবে পড়াশোনা করে ভবিষ্যতে সফল হতে পারে।
‎জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।




কমেন্ট বক্স