ফেনীর সোনাগাজীতে ইউটিউবে ভিডিও দেখে অকটেন তৈরির চেষ্টার সময় বিস্ফোরণে দগ্ধ হওয়ার তিন দিন পর একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত নুর আলম মাসুদ (৪৩) সোনাগাজী পৌরসভার চর গনেশ এলাকার বাসিন্দা ও সততা অয়েল মিলের মালিক ছিলেন।
নিহতের ভাই মো. মোরশেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রাতে নিজের তেলের কারখানায় অকটেন তৈরির চেষ্টাকালে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে নুর আলম ও তার সহকারী ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান।
মোরশেদ বলেন, ‘নুর আলমের স্বপ্ন ছিল নতুন কিছু করা। অনেক বড় হয়ে পরিবারের হাল ধরা। চিকিৎসাধীন থাকার তিন দিনের মাথায় সে আমাদের ছেড়ে চলে গেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। শ্বাসনালি পুড়ে যাওয়ায় দগ্ধ ওমর ফারুকের অবস্থাও আশঙ্কাজনক।’
পরিবারের কাছ থেকে নুর আলমের মৃত্যুর সংবাদ পেয়েছেন বলেও জানান পরিদর্শক শফিকুর। তিনি বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজ ডেস্ক