চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার বলী খেলার ১১৭তম আসর বসছে আগামী ২৫ এপ্রিল (১২ বৈশাখ)। এ আয়োজন ঘিরে চট্টগ্রামের লালদীঘি ময়দান এলাকায় ২৪ ও ২৫ এপ্রিল দুই দিনব্যাপী বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, শত বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী উৎসব সফলভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে বদরপাতি এলাকার বাসিন্দাদের সক্রিয় ভূমিকা কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) বদরপাতির জব্বার হাউসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাব, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে সংগঠিত করতে বলী খেলার প্রবর্তক প্রয়াত আবদুল জব্বারকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার দাবি জানান। পাশাপাশি এই খেলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এর ইতিহাস সংরক্ষণ এবং কুস্তি দল গঠনের উদ্যোগ নেওয়ার কথাও উঠে আসে।
এদিকে, উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়, মেলা ও বলী খেলাকে কেন্দ্র করে ওয়াচ টাওয়ার, টহল, সিসিটিভি নজরদারি, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও বিশেষ পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ড্রোন ব্যবহারে সিএমপির পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।
নিউজ ডেস্ক