প্রবাসী বাংলাদেশিদের দেশের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। তিনি দেশের উন্নয়নে ভবিষ্যতেও সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
রোববার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ড গণতন্ত্রের সূতিকাগার। সেখানে বসবাসরত বাংলাদেশিরা কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক অবদান রেখে চলেছেন।
সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহও ব্যক্ত করেন তিনি।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
নিউজ ডেস্ক