মেজর লিগ সকারে দারুণ এক ম্যাচে কলোরাডো র্যাপিডসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি। দলের জয়ে জোড়া গোল করে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি
শনিবার ডেনভারের এমপাওয়ার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের ৭৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন মেসি। মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে জার্মান বের্তারামের হেড থেকে আসে দলের দ্বিতীয় গোল।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কলোরাডো র্যাপিডস। ৫৮ মিনিটে রাফায়েল নাভারো গোল করে ব্যবধান কমান। এরপর ৬২ মিনিটে ড্যারেন ইয়াপির গোলে সমতা ফেরায় স্বাগতিকরা।
তবে শেষ পর্যন্ত মেসির জাদুতেই জয় নিশ্চিত করে মিয়ামি। ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হলেও জয় ধরে রাখতে সক্ষম হয় দলটি।
এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইন্টার মিয়ামি।
নিউজ ডেস্ক