ঢাকা

৬ শর্তে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন ১৫০ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী নির্ধারিত ছয়টি শর্ত মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাবেন। মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সুযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার ভিত্তিতে সংসদের দর্শনার্থী গ্যালারিতে মোট ১৫০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শিশু গ্যালারিতে ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারিতে ১০০টি আসন রয়েছে।

তবে শিক্ষার্থীদের এই সুযোগ পেতে ছয়টি শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে—প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করে কমপক্ষে সাত কার্যদিবস আগে সংসদ সচিবালয়ে জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা, প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করা এবং ভেতরে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন না করা।

এছাড়া শালীন পোশাক পরিধান, ইউনিফর্মে থাকা এবং স্টুডেন্ট আইডি বহন বাধ্যতামূলক করা হয়েছে। সংসদ ভবনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করাও আবশ্যক।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই এ অনুমতি বাতিল করার ক্ষমতা তাদের হাতে থাকবে।



কমেন্ট বক্স