ঢাকা

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল এবার রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উপজেলার মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়ায় সৃষ্টি হয় এক আতঙ্কিত পরিবেশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌচাক এলাকার ‘হোপ লোন ইন্টিমেট লিমিটেড’ কারখানার ঝুট বের করা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেনের অনুসারীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং হারুন অর রশিদের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে ফরহাদ গ্রুপের ওপর হামলা চালায় হারুন গ্রুপের লোকজন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে হারুন অর রশিদের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিবাদমান দুই পক্ষ সেখান থেকে সরে পড়ে। তবে পুলিশ সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দলের তৃণমূল পর্যায়ের এই সংঘাত সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। রাজনীতির আড়ালে ব্যবসার দখলদারি নিয়ে এই সংঘাত কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।




কমেন্ট বক্স