ঢাকা

পুলিশের সামনেই হামলা করে ছাত্রদল : অভিযোগ সাদিক কায়েমের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজ প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতেই হকিস্টিক ও চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম।


বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান শেষে তিনি এ অভিযোগ করেন।


সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে পুলিশ ও প্রশাসন নীরব থাকত। জুলাই গণঅভ্যুত্থানের পরও যদি একই ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নীরব থাকে, তবে তা প্রশ্নবিদ্ধ হবে।


তিনি আরও বলেন, পুলিশের দায়িত্বে অবহেলায় যারা জড়িত এবং হামলাকারীদের প্রতিরোধে ব্যর্থ হয়েছে, তাদের বিচার হওয়া উচিত।


ছাত্রশিবির নেতা জানান, সাম্প্রতিক হামলায় তাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তারা পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন।

তার দাবি, ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে এসে হকিস্টিক, চাপাতি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।


সাদিক কায়েম বলেন, তাদের একজন ওয়ার্ড সভাপতি আশরাফুল গুরুতর আহত হয়েছেন এবং চাপাতির আঘাতে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজন শিক্ষকও রয়েছেন বলে তিনি দাবি করেন।


এর আগে একই ঘটনায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। পরে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি প্রদান করে।




কমেন্ট বক্স