চট্টগ্রাম নগরীর হালিশহর ও আগ্রাবাদ সংযোগস্থলে ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজে খনন করা গর্তের মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) রাতে বড়পোল মোড় সংলগ্ন এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার। তাঁদের দুজনেরই বাড়ি দিনাজপুর জেলায়। আহত সাগর ও এরশাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এক্সেস রোড এলাকায় চীনা হাইড্রো নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলছিল। খননকাজ চলাকালে হঠাৎ ওপর থেকে বড় একটি মাটির স্তূপ চার শ্রমিকের ওপর ধসে পড়ে।
সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, রাতের কাজ চলাকালে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন।
এ ঘটনায় এখনো ওয়াসা বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক