ঢাকা

‘৩৬–৭২ ঘণ্টার মধ্যে’ ইরানের সঙ্গে আলোচনা সম্ভব: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা খুব শিগগিরই শুরু হতে পারে। তাঁর মতে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মার্কিন পত্রিকা নিউইয়র্ক পোস্ট-এর বরাতে পাকিস্তানি কর্মকর্তাদের সূত্রে এ সময়সীমার কথা বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “এটা সম্ভব!”

এদিকে ইরান-এর সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের মতো নির্দিষ্ট সময়সীমা না দিয়ে এবার যুদ্ধবিরতির মেয়াদ খোলা রাখা হয়েছে, যা আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে সম্ভাব্য এই আলোচনার আগে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনির্ধারিত রয়ে গেছে। এর মধ্যে রয়েছে—ইরান ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে কি না, তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ কী হবে এবং কোন কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কি না, তা নির্ভর করবে দুই পক্ষ কতটা ছাড় দিতে প্রস্তুত তার ওপর।



কমেন্ট বক্স