যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। চলমান ইরান-সংক্রান্ত সংঘাতের প্রেক্ষাপটে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ২০ কোটি মার্কিন ডলারের অত্যাধুনিক আকাশপথে নিক্ষেপযোগ্য গোলাবারুদ কেনার চুক্তি করেছে।
চুক্তিটি করা হয়েছে ইসরায়েলের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখে এবং এই প্রযুক্তি আকাশপথে ব্যবহৃত অস্ত্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
প্রতিবেদনে বলা হয়, এসব আধুনিক গোলাবারুদ ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথে সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, চুক্তির লক্ষ্য শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং যুদ্ধকালীন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থাকে আরও স্বনির্ভর করা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দ্রুত যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুত থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে যখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে, ঠিক সেই সময়েই এই বিশাল অঙ্কের অস্ত্র ক্রয় নতুন করে বিতর্ক তৈরি করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধের মধ্যেই অস্ত্র কেনার এই সিদ্ধান্ত সংঘাত আরও দীর্ঘায়িত করতে পারে এবং মানবিক পরিস্থিতিকে জটিল করে তুলবে।
সূত্র: আল জাজিরা