সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তথ্য জানা যায়।
অবকাশকালীন ছুটি শেষে ১৯ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলেও সেদিন থেকেই বিচারপতি আব্দুল মান্নানকে কোনো বেঞ্চে রাখা হয়নি। গত পাঁচ দিন ধরে তিনি বিচারকাজে অংশ নিচ্ছেন না বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানিয়েছেন।
তিনি আরও বলেন, তাকে কোনো বেঞ্চ দেওয়া হয়নি এবং এ বিষয়ে প্রধান বিচারপতির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কারণও উল্লেখ করা হয়নি। তবে অসৌজন্যমূলক আচরণের কারণে তাকে বিচারিক দায়িত্ব থেকে সরানো হয়েছে—এমন ধারণাকে তিনি সঠিক মনে করেন না।
এর আগে, গত ৩ এপ্রিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘অ্যাপেক্স বাংলাদেশ’-এর পরিচালনা পর্ষদের নির্বাচনের সময় জনসাধারণের সঙ্গে বাগবিতণ্ডার পর পুলিশি পাহারায় বিচারপতি আব্দুল মান্নানকে সভাস্থল ত্যাগ করতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
বিচারপতি আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং পরে স্থায়ী হন। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা এবং ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন।
নিউজ ডেস্ক