ঢাকা

সরকারের হস্তক্ষেপে দেশে ফিরছেন আটকে পড়া ৩৩ জন ওমরাযাত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

সরকারি হস্তক্ষেপে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী দেশে ফিরছেন। মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির এসব যাত্রী সময়মতো ফেরত না যাওয়ায় ভিসা জটিলতায় পড়েছিলেন।


ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে বুধবার (২২ এপ্রিল) জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একটি প্রতিনিধিদল হোটেলে গিয়ে ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে।


প্রতিনিধিদলে ছিলেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, হজ মিশনের কাউন্সেলর মো. কামরুল ইসলাম এবং কনস্যুলার কর্মকর্তা এ এস এম সায়েম।


কনসাল জেনারেল জানান, যেসব ওমরাহ যাত্রী ১৮ এপ্রিলের মধ্যে দেশে ফেরার নিয়ম মেনে ফিরতে পারেননি, তাদের ভিসা জটিলতা দ্রুত সমাধান করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তিনি আরও জানান, ভুয়া টিকিটের মাধ্যমে সৌদি আরবে এনে সময়মতো ফেরার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া ভবিষ্যতে যাত্রীদের বৈধ ও অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ ভ্রমণ করার পরামর্শ দেন তিনি।


এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ওমরাহ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনার জন্য একটি ডিজিটাল পোর্টাল ও ফান্ড ব্যবস্থা চালু করা জরুরি, যাতে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হয়।




কমেন্ট বক্স