বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের নিয়ে সভাটি শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে।
সভায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটের নেতারাও সভায় উপস্থিত থাকবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।
কেন্দ্রীয় নেতৃত্ব সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।
নিউজ ডেস্ক
