আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া জেলা) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। তারা দুজনই ছাত্রদলের সক্রিয় ও একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমনসহ আরও দুজন। বর্তমানে তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নারুই ব্রিজের সামনে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় বাইকে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার শিকার দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত তিনজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনই সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে উপস্থিত হন।
এ ঘটনায় ছাত্রদলসহ সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীদের অকাল মৃত্যুতে সংগঠনের ভেতরে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি স্থানীয়রা সড়কটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
নিউজ ডেস্ক