ঢাকা

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্য গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
এসএসসি–২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) এবং মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।


সিটিটিসির সাইবার মনিটরিং টিম ২০ এপ্রিল একটি ফেসবুক পেজে ‘এসএসসি–২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ শনাক্ত করে। পরে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই ঢাকা জেলার আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে আটক করা হয়।


তার দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে ২৩ এপ্রিল বগুড়ার ধুনট থেকে মো. সালমানকে এবং দিনাজপুরের নবাবগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. মেছবাউল আলম মাহিনকে গ্রেপ্তার করা হয়।

এরপর ২৪ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ এলাকায় অভিযান চালিয়ে মো. মহিদুজ্জামান মুন্নাকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।


সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তারদের মোবাইল ফোন পরীক্ষা করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।


প্রাথমিক তদন্তে আরও জানা যায়, তারা আর্থিক লাভের উদ্দেশ্যে পরীক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। পাশাপাশি সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করছিল।

এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।


এদিকে টঙ্গী পূর্ব থানার ওসি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স