ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: বাঞ্ছারামপুরের উজানচর কে এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কেন্দ্র সচিব ও উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, উজানচর কে এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনটি বিদ্যালয়ের ২২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই কেন্দ্রেই পরীক্ষা দিচ্ছে বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও গত মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় তাকে দেওয়া হয় ২০২৬ সালের প্রশ্নপত্র। তার কক্ষে দায়িত্বরত ছিলেন উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিহাব উদ্দিন ও রুপসদী জামিদা মনছুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম। নিয়ম অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার কথা। অন্যদিকে, ২০২৩-২৪ বা তার পূর্ববর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুরাতন সিলেবাসে পরীক্ষা নেওয়ার বিধান রয়েছে।
শিক্ষার্থী সুমাইয়া বলে, ‘কক্ষ পর্যবেক্ষককে একাধিকবার জানাই যে, আমি পুরাতন সিলেবাস (২০২৫) অনুযায়ী পরীক্ষার্থী। কিন্তু তারা আমার কথা উপেক্ষা করে নতুন (২০২৬) সিলেবাসের প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করেন আমাকে।’ পরে বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেলের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয় সে।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সিহাব উদ্দিন বলেন, ‘আমি আপনার সঙ্গে কোনো কথা বলব না, অফিস থেকে তথ্য নেন।’
কেন্দ্র সচিব ও উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সংশোধনের চেষ্টা করছেন তিনি। কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের গাফিলতির কারণে এমনটা হয়েছে। শিক্ষাবোর্ডে বিষয়টি জানানো হয়েছে।
নিউজ ডেস্ক