ঢাকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডবে বহু পরিবার আশ্রয়হীন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ কোচাশহর গ্রাম রোববার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে আকস্মিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে পুরো এলাকা যেন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে এবং মুহূর্তের মধ্যে প্রবল দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, টিনের ছাউনি দেওয়া ঘরবাড়িগুলো মুহূর্তেই উড়ে যায়, বহু গাছ উপড়ে পড়ে এবং চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন।
স্থানীয় কৃষকরা জানান, মাঠে থাকা পাকা ও আধাপাকা ধানসহ বিভিন্ন ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষকের বছরের একমাত্র আয়ের উৎস এই ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।

এলাকাবাসী আরও জানান, ঝড়ের পর অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। রাতের অন্ধকারে নারী-শিশুসহ অসহায় মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছে। খাবার, আশ্রয় ও নিরাপত্তাহীনতায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
ক্ষতিগ্রস্তরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, এখন কোথায় থাকব বুঝতে পারছি না। দ্রুত ত্রাণ ও আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি।”

এ বিষয়ে কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল হক জাহিদ বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুতই প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়া হবে।”
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা, অস্থায়ী আশ্রয় ও পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারে।



কমেন্ট বক্স