ঢাকা

কিস্তি পরিশোধে ব্যর্থ: অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিও কর্মীদের বিরুদ্ধে!

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ
পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খাইরুন বেগম (৩৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একটি বেসরকারি এনজিও সংস্থার কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি শারীরিক যন্ত্রণা নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী খাইরুন বেগম জানান, গত বছরের ডিসেম্বরে তিনি কোডেক নামের একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকা দিয়ে তার স্বামী নজির মোল্লা কাজের উদ্দেশ্যে কুয়েত যান। তবে বিদেশে যুদ্ধ পরিস্থিতিসহ বিভিন্ন সংকটের কারণে তার স্বামী নিয়মিত টাকা পাঠাতে না পারায় তিনি কিস্তির অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন।

অভিযোগ রয়েছে, শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য ধানখালী শাখার ম্যানেজার মনিরসহ আরও দুই নারী কর্মী তার বাড়িতে যান। এ সময় তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এনজিও কর্মীরা ক্ষিপ্ত হয়ে তার চুল ধরে মারধর করেন এবং কিল-ঘুষি ও তলপেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট এনজিও শাখার ম্যানেজার মনির।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স