ঢাকা

মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে দেশজুড়ে কঠোর সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে সরকার।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগামী ৩০ এপ্রিল সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পর থেকেই এই অভিযান কার্যকর হবে। তিনি জানান, যুবসমাজকে মাদক ও অপরাধের হাত থেকে রক্ষা করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ ‘সিসা লাউঞ্জ’ পরিচালনার বিষয়টি উত্থাপন করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

মন্ত্রী বলেন, গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো এলাকায় অতীতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সিসা বার ও মাদক স্পট গড়ে উঠেছিল। তবে এখন নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে গুলশানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ ব্যবসা বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে ট্রেড লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে বন্ধ করার কাজ চলছে বলেও সংসদকে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, ৩০ এপ্রিলের পর শুরু হওয়া বিশেষ অভিযানে জেলা ও উপজেলা পর্যায়েও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট অংশ নেবে।




কমেন্ট বক্স