ঢাকা

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা ও তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগসহ মোট পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ৮ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ চার মামলায় খায়রুল হকের জামিন মঞ্জুর করেন এবং এ বিষয়ে রুল জারি করেন। পরে ১১ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা আরেকটি মামলাতেও তিনি জামিন পান। এসব জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন একটি মামলা করেন। একই অভিযোগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক একটি মামলাও দায়ের করে।

নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর খায়রুল হক হাইকোর্টে আবেদন করেন। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন বিষয়ে রুল জারি করেন এবং পর্যায়ক্রমে জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ১৭ মে অবসরে যাওয়ার পর তিনি তিন দফা আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।



কমেন্ট বক্স