১১ বছরের শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান (সাফিকুর রহমান)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম (কাইয়ুম)।
আসামিপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম জামিন আবেদন করে বলেন, শফিকুর রহমান একজন নিরীহ ও সহজ-সরল ব্যক্তি এবং দেশের একটি বড় প্রতিষ্ঠানে সম্মানজনক পদে ছিলেন। তিনি গত ২ ফেব্রুয়ারি থেকে ৭১ দিন ধরে কারাগারে আছেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। মানবিক বিবেচনায় তার জামিন প্রার্থনা করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসায় শিশু গৃহকর্মী নেওয়ার জন্য নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরের মাধ্যমে যোগাযোগ করা হয়। পরে গত বছরের জুনে মোহনা নামের শিশুটিকে সেখানে কাজে দেওয়া হয়। সর্বশেষ ২ নভেম্বর তাকে সুস্থ অবস্থায় দেখেন তার বাবা। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
গত ৩১ জানুয়ারি অভিযুক্তদের বাসা থেকে ফোন করে জানানো হয়, মোহনা অসুস্থ। পরে তাকে আনতে গিয়ে বাবা গোলাম মোস্তফা দেখেন, শিশুটির হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে এবং সে ঠিকমতো কথা বলতে পারছে না। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জিজ্ঞাসাবাদে মোহনা জানায়, ২ নভেম্বরের পর থেকে বিভিন্ন সময় শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ অন্যরা তাকে মারধর করে এবং গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেয়।
এ ঘটনায় বাবা গোলাম মোস্তফা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার পর ২ ফেব্রুয়ারি ভোরে উত্তরা থেকে শফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।