ঢাকা

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়লেন যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা পেরিয়ে রানওয়ের কাছাকাছি অ্যাপ্রোন জোনে ঢুকে পড়ার ঘটনায় এক যুবককে আটক করেছে নিরাপত্তা কর্মীরা।

আটক ব্যক্তির নাম ফেরদৌস (২২)। তার বাড়ি মেহেরপুর জেলায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফেরদৌস নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে অনুমতি ছাড়া সংবেদনশীল এলাকায় প্রবেশ করেন, যেখানে সাধারণ যাত্রীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি তার মামাকে রিসিভ করতে বিমানবন্দরে এসেছিলেন। বিমান দেরিতে নামার কারণে তিনি বিমান দেখার উদ্দেশ্যে রানওয়ের কাছাকাছি চলে যান বলে দাবি করেন।

পরে আটক যুবককে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার সময় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এর আগে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার সতর্কতার পর সোমবার থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বেবিচক জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানবন্দরের প্রবেশপথ, টার্মিনাল ও সংবেদনশীল এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।



কমেন্ট বক্স