ঢাকা

৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে পাঁচ জেলায় বন্যার ঝুঁকির কথাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এছাড়া মৌলভীবাজার জেলার মনু নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি আরও বাড়তে পারে। এতে সংশ্লিষ্ট পাঁচ জেলায় বন্যার সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বলেও জানানো হয়।



কমেন্ট বক্স