ঢাকা

ইরান ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি ডেমোক্র্যাটদের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


ইরানে চলমান সামরিক অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই অভিযান অব্যাহত থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস অ্যাক্ট অনুযায়ী কোনো সামরিক অভিযান শুরুর ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক। সেই সময়সীমা আগামী ১ মে শেষ হবে।

আইন অনুযায়ী, অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হয় এবং সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে সেনা মোতায়েন রাখতে পারেন। প্রয়োজনে আরও ৩০ দিন বাড়ানো সম্ভব হলেও তার জন্য ব্যাখ্যা দিতে হয়।

ডেমোক্র্যাটদের দাবি, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও অভিযান চললে তা অসাংবিধানিক হবে। তাই তারা আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মতে, জাতীয় নিরাপত্তার স্পষ্ট কারণ ছাড়া এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক অস্থিরতা বাড়াচ্ছে।

অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার জন্য এই অভিযান জরুরি। তবে কংগ্রেসে রাজনৈতিক বিভাজনের কারণে নতুন অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা এবং কংগ্রেসের নিয়ন্ত্রণের ভারসাম্য নিয়ে বড় প্রশ্ন তুলতে পারে। ১ মে’র পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ওপর নৌ-অবরোধ এবং জাহাজ আটককে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সব মিলিয়ে ইরান ইস্যু এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটেও রূপ নিচ্ছে।




কমেন্ট বক্স