ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তাদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামীকাল (বৃহস্পতিবার) ৪৯ জন প্রার্থীর নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।
চূড়ান্ত তালিকায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন।
এদিকে একটি আসন নিয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। ওই আসনটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় যাচাই করার আদেশ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে ওই আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই বাকি শূন্য আসনটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিউজ ডেস্ক