ঢাকা

মাগুরায় শহীদ রাব্বি হত্যা মামলার আসামিদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মিরর নিউজ মিরর নিউজ
মাগুরা প্রতিনিধি: মাগুরায় শহীদ রাব্বি হত্যা মামলার আসামিদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় মাগুরা জেলা দায়রা জজ আদালতের সামনে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

শহীদ রাব্বিসহ ১১ জন শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তারা আসামিদের জামিনের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত জামিন বাতিলের দাবি তোলেন।
বিক্ষোভে শহীদ রাব্বির ছোট ভাই আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হত্যা মামলার আসামিদের জামিনে যারা সহায়তা করেছে, সেই সকল আইনজীবীদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এসময় শহীদ মোস্তাকিমের মা আবেগঘন বক্তব্যে বলেন, “আমার ছেলে আর এই পৃথিবীতে নেই। যারা তাকে হত্যা করেছে, আমি একজন শহীদের মা হিসেবে তাদের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই।”
শহীদ আহাদের বাবা বলেন, “বর্তমান সরকার জুলাই আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। সেই সরকার যদি দ্রুত বিচার নিশ্চিত না করে, বরং আসামিরা জামিনে মুক্তি পায়—তাহলে তা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে এর জবাব চাই।”

বিক্ষোভ কর্মসূচিতে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং তারা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



কমেন্ট বক্স