বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বালুভর্তি একটি ট্রাক থেকে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় ডিবি পুলিশ।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে প্রায় ৮০ কেজি গাঁজা পাওয়া যায়।
ঘটনাস্থল থেকেই রবিউল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৮০ কেজি। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক